
তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের (সূত্রে পরিচিত) সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়ে থাকার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারি সফরসঙ্গীরা। তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে আন্তালিয়া বিমানবন্দরে পৌঁছান তাঁরা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সেরদার চাম। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।
কপ-৩১ সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স সামিট আগামী ১১ ও ১২ নভেম্বর আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন।
সম্মেলনে বাংলাদেশের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা। এ ছাড়া জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন নিয়েও প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
সম্মেলনের গ্রিন জোনে পাট ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরতে পাটের প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনের সময় পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রসারে বাংলাদেশ-তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণাও স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু কূটনীতির বিষয়গুলো গুরুত্ব পাবে।
মন্তব্য করুন