
ময়মনসিংহে ১,৯৯১ ইয়াবা ও ৬৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার এক ব্যক্তি
ময়মনসিংহে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১,৯৯১টি ইয়াবা ট্যাবলেট ও ৬৫ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম খোরশেদ আলম (৩১)। সংস্থাটির দাবি, তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
বুধবার (১৯ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে নেত্রকোনা সদর ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে নেত্রকোনা সদর থানার ঠাকুরাকোনা গ্রামের চাঁন খার বাড়ির দক্ষিণ পাশের একটি ফাঁকা জায়গা এবং ময়মনসিংহ নগরের চরপাড়া নয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গ্রেপ্তার খোরশেদ আলম পূর্বধলা উপজেলার মানিকদির মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাতে জানানো হয়েছে, তার কাছ থেকে ১,৯৯১টি ইয়াবা, ৬৫ গ্রাম হেরোইন, একটি আইফোন, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, একটি মোটরসাইকেল ও ১ লাখ ৯১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন