
কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া এক যুবকের হাড় ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার নরসুন্দা নদীর কচুরিপানার নিচ থেকে এসব হাড় ও কঙ্কাল উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম সালমান (২১)। তিনি হোসেনপুর উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের ফজলুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ মে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বেরিয়ে আরিফুল ইসলাম সালমান নিখোঁজ হন। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। ১৯ মে তাঁর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে পুলিশ তাঁকে উদ্ধারের জন্য তদন্ত শুরু করে। দীর্ঘ পাঁচ মাসের উদ্বেগ-উৎকণ্ঠার পর শুক্রবার হাড় ও কঙ্কাল উদ্ধার হয়।
তদন্তের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। সেখান থেকে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে মাহিন (২০) ও শাকিল মিয়া (১৮) এবং একই এলাকার রফিক মিয়া (১৯)-কে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল ও মাহিন আরিফুল ইসলাম সালমানকে হত্যার পর তাঁর লাশ নরসুন্দা নদীতে গুম করার কথা স্বীকার করেছেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে নরসুন্দা নদীর কচুরিপানার নিচ থেকে সালমানের হাড় ও কঙ্কাল উদ্ধার করা হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামীকাল শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন জেলা পুলিশ সুপার।
মন্তব্য করুন