
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্কে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত কোনো সরকার আবার ক্ষমতায় ফিরে এসেছে বলে ইতিহাসে কোনো নজির নেই।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ৫৭১টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে ২০২৪-২৫ অর্থবছরের মোট ১৬ কোটি ৫৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
শেখ হাসিনার দেশে ফেরার কথার সমালোচনা করে মন্ত্রী বলেন, পৃথিবীর কোনো প্রান্তে এমন ঘটনা নেই যে কোনো পলাতক স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন। গণভ্যুত্থানে বিদায় নেওয়া সরকারের ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষাকে তিনি অনুচিত বলে মনে করেন।
বক্তব্যে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার অতীত বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, তৎকালীন সময়ে খালেদা জিয়া যেসব দূরদর্শী কথা বলেছিলেন, সেগুলো আজ বাস্তবে প্রমাণিত হয়েছে। বাঙালি জাতির স্বাধীনচেতা মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্যায় দেখলে এ দেশের মানুষ প্রতিবাদ করে এবং সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য লড়াই করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁর ছেলে এখন রাষ্ট্র পরিচালনা করছেন।
সাম্প্রতিক সরকারের সমালোচনা করে বিমানমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দুদের জমি ও বাড়িঘর দখলের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁর দাবি, এসব অপকর্মের দায় অন্যদের ওপর চাপিয়ে বিদেশে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।
দেশের বিদ্যুৎ ও গ্যাসসংকটের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, আগের সরকারের দূরদর্শী পরিকল্পনার অভাব ছিল। নতুন গ্যাসকূপ খনন এবং ভবিষ্যতের চাহিদা পূরণে প্রয়োজনীয় প্রস্তুতি না নেওয়ায় এখন দেশবাসীকে এর মাশুল দিতে হচ্ছে।
জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির শামীম তালুকদার এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
মন্তব্য করুন