
অর্থ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল হওয়া ব্যক্তিগণ হলেন সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
প্রজ্ঞাপনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। জনতা ও রূপালী ব্যাংকের ক্ষেত্রে সরকারের সম্মতি পৃথক চিঠির মাধ্যমে জানানো হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর সোনালী ব্যাংকের এমডি হিসেবে যোগ দিয়েছিলেন। তাঁর নিয়োগের মেয়াদ ছিল তিন বছর। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।
কাজী মো. ওয়াহিদুল ইসলাম রূপালী ব্যাংকের এমডি হিসেবে তিন বছরের নিয়োগ পেয়েছিলেন। মো. মজিবর রহমান জনতা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
মন্তব্য করুন